সরকার-শিক্ষাবিদ ও শিল্পপতিদের যোগসূত্র চান পলক

১৮ ডিসেম্বর, ২০১৯ ১৪:৩২  
চতুর্থ শিল্প বিপ্লবে এগিয়ে থাকতে সৃজনশীল ও উদ্ভাবনী শিক্ষার ওপর গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসঙ্গে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে সরকার,  অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে যোগসূত্র স্থাপনের উপর গুরুত্বারোপ করেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) মিরপুর স্কলাস্টিকা স্কুল মিলনায়তনে "স্কলাস্টিকা টেকফেস্ট ২০১৯ "এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্কলাস্টিকা মিরপুর শাখার প্রধান নুরুন্নাহার মজুমদার। পলক বলেন, তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে আইসিটি বিভাগের অধীন ইনোভেশন ডিজাইন এন্ড এন্টরপ্রনিয়রস একাডেমী (আইডিয়া), এলআইসিটি প্রকল্প সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ঐতিহাসিক ভাবে বাঙালী বীরের জাতি ও প্রবলেম সলভার হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্ম অনেক মেধাবী তাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন আমাদের ২৮ টি হাইটেক পার্কে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবন কে সঠিকভাবে এগিয়ে নিতে প্রশিক্ষণ সহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। তৃণমূল পর্যন্ত ইন্টারনেট সহজলভ্য করতে সকল ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনে তথ্য প্রযুক্তি বিভাগ কাজ করছে।